মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মেডিক্যাল রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত


আহাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (MBSTU) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “Artificial Intelligence in Medical Robotics: Bangladesh Perspectives” শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হল (রুম নং ME-203)-এ এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনওয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার Kongju National University-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হ্যাং মুক চো।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির রোবোটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. শামীম আহমেদ দেওয়ান। এছাড়া বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন MARS Group-এর চেয়ারম্যান ইঞ্জি. মো. ইমরান হোসাইন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. খোন্দকার নজমুল আহসান।
বক্তারা বলেন, বর্তমানে মেডিক্যাল সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করছে। AI-এর মাধ্যমে রোগ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে। সার্জারি, মেডিক্যাল ইমেজ বিশ্লেষণ এবং রোগীর তথ্য পর্যবেক্ষণে AI চিকিৎসকদের কাজ আরও সহজ ও কার্যকর করে তুলছে। এর ফলে সময় বাঁচছে, চিকিৎসার মান বাড়ছে এবং রোগীরা উন্নত সেবা পাচ্ছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাতে AI ও মেডিক্যাল রোবোটিক্সের কার্যকর ব্যবহার চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *