মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল


(মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি)
মুহাম্মদ বায়জিদ হোসাইন
বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হতে যাচ্ছে। চারটি অনুষদের অন্তর্ভুক্ত পাঁচটি বিভাগে মোট ২০০টি আসনের বিপরীতে এবছর আবেদন জমা দিয়েছেন ২৩ হাজার ১২৮ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ১১৫ জন ভর্তিচ্ছু।
দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি। দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত মোট ৭টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা। পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকাল ৩টায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মিরপুর-১২ ক্যাম্পাস, পদ্মা ভবন এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। রংপুরে কেন্দ্র হিসেবে থাকছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এছাড়া খুলনায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ এবং রাজশাহীতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনুষদভিত্তিক আবেদনকারীর সংখ্যার পরিসংখ্যান অনুযায়ী, মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদে আবেদন করেছেন ৩ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে আবেদনকারীর সংখ্যা ২ হাজার ৯১৩ জন। আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদে আবেদন করেছেন ৭ হাজার ৬৪৭ জন এবং সর্বাধিক আবেদন পড়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে, যেখানে আবেদনকারীর সংখ্যা ৮ হাজার ৮৯৪ জন।
ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্র এবং নির্ধারিত OMR শিট। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও বই বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষায় কেবলমাত্র অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
ভর্তিচ্ছুদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন কেন্দ্রে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের মোবাইল ফোন, ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে হেল্পডেস্কে জমা রাখতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ২০২৬ সালের মে মাসে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *