যবিপ্রবির ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এসময় তিনি বলেন, “একজনের রক্ত অন্যজনের প্রাণ বাঁচায়—এই চেতনা মানবতার সর্বোচ্চ উদাহরণ। চিনি না, জানি না—তবুও একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রক্ত দেওয়া নিঃস্বার্থ দায়িত্ব। রক্তদান শুধু চিকিৎসা সহায়তা নয়, এটি সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক।” তিনি আরও বলেন, বিভেদ নয়, বরং সহনশীলতা ও ঐক্যই সমাজকে এগিয়ে নেয়। রমজানের শিক্ষা—সংযম, ত্যাগ ও মানবিকতা—আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের এমন মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. এস এম নুর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অধিদপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, প্রধান মেডিকেল অফিসার ড. দীপক কুমার মন্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ মিজানুর রহমান এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রভাষক ড. কাজী মোঃ এমরান হোসেন।

ইফতার মাহফিলে ‘জাস্ট ব্লাড ব্যাংক’-এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *