স্টাফ রিপোর্টারঃ
যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচিত হতে পারলে যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।বৃহস্পতিবার যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।পথসভায় বক্তব্য দিতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই, যাতে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ না থাকে। যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না।”তিনি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অপরাধী যদি আমার নিজ দলেরও হয়, তবুও বিএনপিতে তার জায়গা হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকবে না।”

ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে অমিত বলেন, “অতীতে এসব বিষয়কে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই।” তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে কেউ যদি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে যশোরে তার কোনো স্থান হবে না।বক্তব্যে তিনি তাঁর প্রয়াত পিতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “বিএনপি যতবার সরকার গঠন করেছে, প্রতিবারই মরহুম তরিকুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যশোরের ব্যাপক উন্নয়ন করেছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলে যশোরের প্রতিটি খাতে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”আরবপুর ইউনিয়নের পথসভা শেষে তিনি সুজলপুর ঋষিপাড়ায় আরেকটি বিশাল পথসভায় বক্তব্য প্রদান করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।