মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরের রাজপথের লড়াকু কণ্ঠস্বর, প্রবীণ রাজনীতিক এবং আদর্শ শিক্ষক মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত ২:১৫ মিনিটে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়।মঙ্গলবার বাদ জোহর বিমান অফিস জামে মসজিদে জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় দাফন করা হয়েছে।
মাস্টার নূর জালাল কেবল একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। জীবনের দীর্ঘ সময় তিনি যশোর মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন। শিক্ষক সমাজের অধিকার আদায়ে তিনি জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন।
কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী এই নেতা ১৯৭১ সালের পূর্বেই গ্রামে গ্রামে কৃষক সংগঠন গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীতে কারাবরণ তাঁর আপসহীন চরিত্রের প্রমাণ দেয়। দীর্ঘ সময় তিনি ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
যশোর পৌরসভার সাবেক এই সদস্য কেবল দলীয় রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না। শহরের নাগরিক সমস্যা সমাধানে তিনি ছিলেন অগ্রগণ্য।তাঁর নেতৃত্বে এই কমিটির মাধ্যমে শহরের অসংখ্য উন্নয়নমূলক ও সফল আন্দোলন পরিচালিত হয়েছে। বিমানবন্দর সড়ক সার্বিক উন্নয়ন কমিটির সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে যশোরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি অগণিত গুণগ্রাহী এবং এক বর্ণিল রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেছেন।
