যশোরে ইরানে ইসরাইল-আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:
ইরানের সাধারণ নাগরিক ও স্কুল শিক্ষার্থীদের ওপর ইসরাইল এবং আমেরিকার বর্বরোচিত সামরিক আগ্রাসনের প্রতিবাদে আজ রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির অর্ধশতাধিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশটি সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ইকবাল কবির জাহিদ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক এবং নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবিসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান বক্তা ইকবাল কবির জাহিদ তার বক্তব্যে বলেন, “ইরানের অবুঝ স্কুলশিক্ষার্থী ও নিরীহ সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার এই নগ্ন হামলা বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায়। এটি কেবল একটি দেশের ওপর আক্রমণ নয়, বরং আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।” তিনি আরও অভিযোগ করেন যে, আমেরিকা বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার এবং ইরানের বিপুল খনিজ সম্পদ দখলের হীন উদ্দেশ্যেই এই কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রেখেছে।

বক্তারা সম্মিলিত কণ্ঠে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মধ্যপ্রাচ্যে সকল প্রকার সামরিক উস্কানি ও আগ্রাসন বন্ধের জোর দাবি তোলেন। তারা বিশ্ব শান্তির স্বার্থে জাতিসংঘকে কেবল শোক প্রকাশ না করে, কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং এই হামলার পেছনে থাকা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যদি তাদের আগ্রাসী নীতি পরিহার না করে, তবে বিশ্বব্যাপী সাধারণ মানুষ তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। প্রায় দুই ঘণ্টা ব্যাপী চলা এই প্রতিবাদী কর্মসূচিটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *