যশোরে ঘাতক পিকআপের চাপায় প্রাণ গেল বৃদ্ধের: দুই দিন লড়ে হার মানলেন বদরুদ্দীন

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:শীতের সকালে বাড়ির সামনে একটু রোদে বসেছিলেন শরীরের ওম নিতে। কিন্তু সেই রোদই যেন কাল হয়ে দাঁড়ালো ৮৪ বছর বয়সী বৃদ্ধ বদরুদ্দীন বিশ্বাসের জীবনে। বালিবাহী একটি পিকআপ ভ্যানের বেপরোয়া ব্যাক গিয়ার কেড়ে নিল তার প্রাণ।মঙ্গলবার (২০ জানুয়ারি) বাঘারপাড়ার উত্তর চাঁদপুর গ্রামে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার দুই দিন পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বদরুদ্দীন বিশ্বাস নিজ বাড়ির সামনে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। এসময় একটি বালিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টো পথে (ব্যাক গিয়ারে) এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ১টা নাগাদ যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আজ শেষ রাতে চিরবিদায় নেন তিনি।নিহত বদরুদ্দীন বিশ্বাস উত্তর চাঁদপুর গ্রামের মৃত আমিনুদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তারা তদন্ত শুরু করেছেন এবং এই দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এক নিমিষেই এমন মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো উত্তর চাঁদপুর গ্রামে নেমে এসেছে শোকের স্তব্ধতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *