মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন ২৭ জানুয়ারি (মঙ্গলবার) যশোরের মাটি কাঁপাতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন সকাল ৮টায় আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে যশোরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।জনসভাটি সুশৃঙ্খল ও সফল করতে সোমবার বিকেল ৩টায় যশোর জেলা কার্যালয়ে এক জরুরি জেলা কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যশোরের মাটিতে এই জনসভা হবে একটি মাইলফলক। প্রতিটি নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে এবং জননিরাপত্তা বজায় রেখে এই বিশাল আয়োজন সফল করতে হবে।”
সভায় জনসভার প্রস্তুতি পর্যালোচনা করেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী ও সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনসহ শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস ও আইন সম্পাদক অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ জেলা কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা সভায় উপস্থিত থেকে জনসভার প্রতিটি বিভাগীয় কাজ তদারকি করেন।এবারের জনসভার বিশেষ দিক হলো রাজনৈতিক ঐক্যের প্রতিফলন। জামায়াত আমিরের পাশাপাশি যশোরের ৬টি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীরা এবং জোটের শীর্ষ নেতারা এই জনসভায় অংশগ্রহণ করবেন। ফলে এটি কেবল একটি দলীয় সভা নয়, বরং যশোরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের মঞ্চে পরিণত হতে যাচ্ছে।জেলা বৈঠকের পর সকল উপজেলা আমির ও সেক্রেটারিদের নিয়ে পৃথক একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি গ্রাম ও ওয়ার্ড থেকে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।
