যশোরে মা-সন্তানের যৌথ প্রয়াসে বিটিএইচ পিঠা উৎসব সম্পন্ন

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃযশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে শনিবার এক জাঁকজমকপূর্ণ আবহে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রাদার টিটোস হোম’ (বিটিএইচ) আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসব। ‘খুব কম বাচ্চাই পিঠা বোঝে; আমাদের বাচ্চাদের পিঠা চেনাই’— এই ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে ছিল কয়েকশ রকমের দেশীয় পিঠার সমাহার।আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবের প্রধান বিশেষত্ব ছিল পিঠা তৈরিতে মা ও সন্তানের অংশগ্রহণ। ‘বেস্ট পিঠা মেকার’ পুরস্কার পাওয়ার প্রধান শর্তই ছিল, মায়েদের সাথে হাতে হাত মিলিয়ে সন্তানদেরও পিঠা তৈরিতে অংশ নিতে হবে। শহুরে যান্ত্রিকতায় বেড়ে ওঠা শিশুদের বাঙালির চিরচেনা ঐতিহ্য ও শেকড়ের স্বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, উৎসব প্রাঙ্গণে মোট ৫০টি স্টল বসেছিল। স্টলগুলোতে ফুল পিঠা, রসের পিঠা, ক্ষীরের পাটিসাপটা, দুধ পাকান, ঝাল ননিয়া, পাকসাজ, মালপোয়া, ভাজাপুলি, সেমাইপিঠা, নিমকি, ফুলঝুরি, বিস্কুট পিঠা এবং চন্দ্রচূড়াসহ শতাধিক পদের পিঠা প্রদর্শন করা হয়। আধুনিক রুচির সাথে মিল রেখে ছিল চিকেন পুলি, ফিশ পিঠা, নুডলস পিঠা, ডিম সুন্দরী ও মেরাং কুকিজ। এছাড়া শীতের আমেজ ছড়িয়ে দিতে মাটির ভাঁড়ে গ্লাস প্রতি ৩০ টাকা দরে বিক্রি হয় টাটকা খেজুরের রস। পিঠার পাশাপাশি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল হাঁসের মাংস ও ছিটা রুটি।শনিবার দুপুর আড়াইটায় উৎসবের উদ্বোধন হয়। সময় গড়ানোর সাথে সাথে কয়েক হাজার দর্শনার্থী ও ক্রেতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে ক্রীড়াচক্র মাঠ। কেউ সেখানেই দাঁড়িয়ে গরম গরম পিঠার স্বাদ নিচ্ছিলেন, আবার কেউ পরিবারের জন্য প্যাকেট ভরে নিয়ে যাচ্ছিলেন প্রিয় সব পিঠা।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএন রোড ক্রীড়াচক্রের সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।যশোরের শ্রেষ্ঠ পিঠা শিল্প প্রতিষ্ঠান ‘তারিফ কিচেন’ এবং পিঠা বিশেষজ্ঞ সুরাইয়া খাতুন ও সালমা জাহানের বিচারিক রায়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়:চ্যাম্পিয়ন: তাসনিম জেমি।প্রথম রানার্স আপ: সাইরান গালিব।দ্বিতীয় রানার্স আপ ও বেস্ট স্টল: ওমর জুওরাইরিয়া।বিটিএইচ-এর এই আয়োজন গ্রামীণ পিঠা-পুলির ঘ্রাণ ও ঐতিহ্যকে শহুরে মানুষের কাছে পৌঁছে দিতে সফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *