রমজান মাস উপলক্ষে রাবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

রাবি প্রতিনিধি, মো,আতিকুর রহমান
রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে। ক্যাম্পাসে অবস্থানরত ও হলের বাইরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মসূচির আয়োজক ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ (ইবলিশের মাঠ) এবং শহিদ মিনার প্রাঙ্গণে দুটি বুথ স্থাপন করা হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা বসার জন্য পরিষ্কার প্লাস্টিক শিট, ফল কাটার জন্য ছুরি ও চপিং বোর্ড, ইফতার মাখানোর বড় ও ছোট গামলা, পানির বোতল ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে পারবে। পাশাপাশি উচ্ছিষ্ট ময়লা-আবর্জনা ফেলার জন্য গার্বেজ ব্যাগও দেওয়া হয় বলে জানান তারা। প্রথম রমজানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ সেবা গ্রহণ করেন বলেও জানান আয়োজকরা।

এ ছাড়াও ইফতার শেষে নামাজ আদায়ের ব্যবস্থা ও পরবর্তীতে স্বেচ্ছাসেবকরা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে এবং প্রতিদিন আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এ সেবার আওতায় আনার পরিকল্পনার কথা জানান নেতাকর্মীরা।

এদিকে তাদের এই কাজগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান ছাত্র রাজনীতি মূলত শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের অধিকার ও সহায়তামূলক কাজ করা।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, ‘আগে আমরা বাসা থেকে পলিথিন, ছুরি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে আসতাম যা অনেকটা কষ্টকর ছিল। এখন তারা আমাদের এসব দিয়ে সহায়তা করতেছে যা খুবই প্রশংসাযোগ্য। আমরা চাই তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক।’

দলটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক একটি কার্যক্রম। আমরা গতবছর রমজানেও এসব কাজ করেছি। আর তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা হচ্ছে। এটা মূলত আমার মা ও বেগম খালেদা জিয়ার প্রতি সাদকায় হিসেবে এটা করে থাকি। যাতে মানুষ উপকৃত হয়। আমরা প্রতি রমজানে এটি অব্যাহত রাখবো। গতবছরে পুরো মাসব্যাপী করেছি। এবারেও আমরা পুরো মাসব্যাপী এটা করবো যতদিন ক্যাম্পাস খোলা থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *