রমাদানের পবিত্রতা ও আত্মশুদ্ধি নিয়ে জাবিতে বিশেষ সেমিনার

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমাদান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল সংসদের উদ্যোগে “রামাদানের পবিত্রতা ও আত্মশুদ্ধি: আমাদের করণীয়” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব হলের কমনরুমে সেমিনারটি আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস হযরতুল আল্লাম মুফতি খলিলুর রহমান (দা.বা.)। তিনি ভারতের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ-এর সাবেক শিক্ষক এবং বর্তমানে ঢাকার ধামরাইয়ে অবস্থিত জামিয়া হাফেজুল উলুম ইসলামপুর বড় মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে রমাদানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন। তিনি পবিত্রতা রক্ষা, সাহরি ও ইফতারের সুন্নাহসম্মত পদ্ধতি, তওবা-ইস্তেগফার, চাঁদ দেখা, তারাবির নামাজ, কুরআন তেলাওয়াত (শোনা ও পাঠ), তাহাজ্জুদ, রোজা পালনের আদব-কায়দা এবং ইতিকাফের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি রমাদান মাসে কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, সে বিষয়েও কুরআন ও হাদিসের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকরী। বিজ্ঞ আলোচক পুঙ্খানুপুঙ্খভাবে রমজান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।আমরা তার দিকনির্দেশনার সারাংশ গুলো হলের বাকি শিক্ষার্থীদের জানানোর ব্যবস্থা করব।এই সেমিনারের আয়োজক হল সংসদ এবং সহযোগিতাকারী সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

এছাড়াও সেমিনারে হলের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, হল সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের অংশীজন সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *