রাবি প্রতিনিধি, মো. আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে হল সংসদগুলো। সোমবার (২৬ জানুয়ারি) হল সংসদগুলোর ভিপিরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা প্রতিদিন একাডেমিক ভবন, গ্রন্থাগার, প্রশাসনিক দপ্তর ও অন্যান্য প্রয়োজনীয় স্থানে যাতায়াতের জন্য সাইকেলকে একটি সহজ, পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়বহুল বাহন হিসেবে ব্যবহার করে থাকে।
বর্তমানে অধিকাংশ হলেই শিক্ষার্থীদের সাইকেল রাখার জন্য কোনো নিদিষ্ট ও নিরাপদ গ্যারেজের ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে হলের বারান্দা, সিঁড়ির নিচে কিংবা খোলা জায়গায় সাইকেল রাখতে বাধ্য হয়। এতে একদিকে যেমন সাইকেল চুরি ও ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে হলের স্বাভাবিক চলাচল ও সৌন্দর্যও ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, হলসমূহে পরিকল্পিত ও নিরাপদ সাইকেল গ্যারেজ নির্মাণ করা হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে, সাইকেলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকবে। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা সম্ভব হবে।
স্মারকলিপি প্রদানের বিষয়ে শাহ মাখদুম হলের ভিপি শামিম পাটোয়ারী বলেন, আজকে ১৭ টি হলে সাইকেল গ্যারেজ করার দাবিতে ১৭ হল সংসদের পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এসময় প্রতিনিধিরা বিভিন্ন সময়ে হলে সাইকেল চুরির বিষয়ে উপাচার্যকে বলেন এবং সাইকেল গ্যারেজের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। উপাচার্য হলগুলোতে সাইকেল গ্যারেজ করার বিষয়ে আশ্বাস দেন প্রতিনিধিদের।
স্মারকলিপি প্রদানকালে ১৭ হল সংসদের ভিপি, জিএস-সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
