রাবি প্রতিনিধি, মো . আতিকুর রহমান
মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) বটমূলে আয়োজিত “নবীন বরণ, প্রবীণ বিদায় ও দায়িত্ব হস্তান্তর” অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩৬ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফিন আহাম্মেদ শরন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলাইমান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইনুল হাসান শোভন।
অর্ধদিবসব্যাপী এই অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেরপুর জেলার ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি মেসডার সাবেক সভাপতি রোকনুজ্জামান কাজল এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি সৈয়দ আবু ইব্রাহিম নয়ন। এতে মেহেরপুর জেলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি সাফিন আহাম্মেদ শরন তাঁর বক্তব্যে বলেন,
“মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমাদের জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবারের মতো। আগামী এক বছরে আমরা রাবি মেসডাকে আরও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুলাইমান বলেন, “রাবি মেসডা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী এক বছরে আমাদের মূল লক্ষ্য হবে সংগঠনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা। সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা রাবি মেসডাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে বৃত্তি প্রদান, রক্তদান কর্মসূচি, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
