শিক্ষকদের গুণগত ও পেশাগত মানোন্নয়নে যবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষকদের শিক্ষাদান ও শিখন এই দুই প্রক্রিয়ার গুণগত ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “প্রফেশনাল ডেভেলপমেন্ট: টিচিং অ্যান্ড লার্নিং” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন আল মামুন উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত শিখতে থাকে। পরিবার, সমাজ ও পরিবেশ থেকে অর্জিত শিক্ষার পাশাপাশি জীবনে সফলভাবে দাঁড়িয়ে থাকার ভিত্তি গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব; তাদের কথা, আচরণ, পাঠদান, গবেষণা ও সামগ্রিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলে। তাই প্রত্যেক শিক্ষকের উচিত নিজের মৌলিক গুণাবলির সঠিক চর্চা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পেশাগত উন্নয়নের কোনো বিকল্প নেই। একজন শিক্ষক কেবল জ্ঞান প্রদানকারী নন, বরং তিনি একজন আজীবন শিক্ষার্থী। শিক্ষাদান ও শিখন একটি মুদ্রার এপিঠ-ওপিঠ; কার্যকর শিক্ষাদান তখনই সফল হয়, যখন শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিখন নিশ্চিত হয়। শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে জ্ঞান আহরণ ও বিতরণের কার্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।
কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন। তিনি স্লাইড উপস্থাপনার মাধ্যমে “প্রফেশনাল ডেভেলপমেন্ট: টিচিং অ্যান্ড লার্নিং” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. এম. স্বরাজ-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. ফারহানা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *