রোকন বাপ্পি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি~
মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে “একটি কম্বল, একটুখানি উষ্ণতা—হাসুক শীতার্ত মানুষের মুখটা” এই মানবিক স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বুলবুল শিশু পার্কে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী (ট্রেজারার), অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা (ডিন, কলা অনুষদ), অধ্যাপক ড. এ এইচ এম কামাল (ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড. মিজানুর রহমান (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার), অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম (প্রভোস্ট, বিদ্রোহী হল), অধ্যাপক ড. রাজু আহমেদ (পরিচালক, অর্থ ও হিসাব) এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন।
কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকার প্রায় চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কঠিন বাস্তবতায় একটি কম্বল যেন হয়ে ওঠে উষ্ণতার প্রতীক, আশার আলো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম কাজল এ মহৎ উদ্যোগে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানবতার সেবায় সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে সমাজকে আরও সুন্দর করে তুলতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির এ মানবিক প্রয়াস সমাজে সহমর্মিতা ও মানবিক চেতনা জাগ্রত করবে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
