সিন্ডিকেট সভার সিদ্ধান্ত: ৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন

লিখন সরকার,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে—সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বিশেষ নির্দেশনা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি (রবিবার) থেকে ৬ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড বা পাস ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “আমরা আগামী ৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে গৃহীত সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পর্যালোচনা করা হচ্ছে, যাতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যায়। শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম আমরা সম্পন্ন করেছি।”

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *