৫২-র চেতনা বুকে নিয়ে মধ্যরাতে বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি

বাঙালির শোক ও গর্বের অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাগণ।শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বাঘারপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এদিন রাত ১২টা বাজার সাথে সাথেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাঘারপাড়া উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
উপজেলা প্রশাসনের পক্ষে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদীর সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন, “৫২-র ভাষা আন্দোলনের সেই মহান আত্মত্যাগই আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল। আজ সেই স্মৃতিকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।”
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। ভাষা শহীদদের এই আত্মদান চিরকাল অম্লান থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ মহান একুশের চেতনাকে সকলের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের হৃদয়ে জাগরুক রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের এই যৌথ শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *