মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান সম্প্রতি গণমাধ্যমে দেওয়া বক্তব্য ‘‘জাকসু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং দেখেছি’’সত্য নয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় হতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে দেওয়া অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য ‘‘জাকসু ইলেকশনে ইঞ্জিনিয়ারিং দেখেছি’’ দেওয়ার পরিপ্রেক্ষিতে জাকসু’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য হলো ‘জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয়’।
নির্বাচন চলাকালীন এ ধরনের কোন অভিযোগ হয় নি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলাহয়, জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন চলাকালীন কোনো প্রার্থীর পোলিং এজেন্ট এবং উপস্থিত শতাধিক গণমাধ্যম প্রতিনিধি এ ধরনের কোনো অভিযোগ উত্থাপন করেননি। তবে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন নিয়ে কয়েকটি অভিযোগ পাওয়ায় তা নিষ্পত্তির লক্ষ্যে উপাচার্য ও জাকসু’র সভাপতি গঠনতন্ত্র মোতাবেক একটি আপিল বোর্ড গঠন করেছিলেন এবং উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণরূপে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অবগত করা হয়। এর ফলে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, অভিযোগ জমা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কোনো লিখিত অভিযোগ দায়ের না করে বিভিন্ন গণমাধ্যমে জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছি বলে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত ও দুঃখজনক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো জানায়, জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করে।
….
