মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘ ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন অজ্ঞাতনামা এক নারী (৩০)। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে অসংলগ্ন কথায় নিজের নাম ‘হাবিবা’ এবং বাড়ি ‘বরিশাল’ বললেও এখন পর্যন্ত তার পূর্ণাঙ্গ ঠিকানার হদিস মেলেনি।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি বিকেলে যশোর কোতোয়ালি থানার চাঁচড়া পুলেরহাট বাজারে ওই নারীকে অসুস্থ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মুন্তাকিম নামের এক পথচারী। মানবিকতার পরিচয় দিয়ে তিনি ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেই থেকে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলেন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় ওই নারী অধিকাংশ সময় অচেতন ছিলেন। তবে অবচেতন মনে অসংলগ্ন কিছু কথা বলেছিলেন তিনি। হাসপাতালের নার্সদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিজের নাম ‘হাবিবা’ এবং বাড়ি ‘বরিশাল’ জেলায় হতে পারে বলে আভাস দিয়েছিলেন। কিন্তু কোনো সঠিক ঠিকানা বা স্বজনের ফোন নম্বর না পাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।দীর্ঘ লড়াই শেষে আজ দুপুর ১টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেন, তবে যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।