পেশাদারিত্ব ও ভ্রাতৃত্ববোধের লড়াই: যশোরে শুরু হলো ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

যশোর জেলা পুলিশের পেশাদারিত্বের মান উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের মাঝে পারস্পরিক বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। গত ২৩ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় যশোর ডিবি অফিস সংলগ্ন ব্যাডমিন্টন গ্রাউন্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।যশোরের সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করার পর তিনি উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশের কঠিন ও চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের মাঝে ক্রীড়া চর্চা কর্মস্পৃহা বৃদ্ধি করে। খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলাবোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বাছাইকৃত মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে:যশোরের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএসবি,পুলিশ লাইনস ও ট্রাফিক বিভাগ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,‘ক’ ও ‘খ’ সার্কেল অফিস।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব আহসান হাবীব এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জনাব রাজিবুল ইসলাম। এছাড়াও ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইন্সপেক্টরসহ (প্রশাসন) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য। মাঠের চারপাশ জুড়ে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *