বাকৃবিতে চার শতাধিক ভেটেরিনারি শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি শিক্ষার্থীদের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি গ্যালারিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল আলীম , সংগঠনটির কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খানসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। 

আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি  মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক  বুরহান উদ্দিন সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তরা।অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও আত্মিক শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেটেরিনারি  শিক্ষার্থীদের নিয়ে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হতে যাচ্ছে, যার লক্ষ্য পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়, পেশার স্বার্থ রক্ষা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রমজানের শিক্ষায় আলোকিত হয়ে সমাজ ও দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *