যথাযোগ্য মর্যাদায় জাবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিনম্র শ্রদ্ধার সাথে যথাযোগ্য সম্মানের সহিত পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এর আগে তিনি শহিদ মিনারের পাদদেশে শহীদ দিবসের পতাকা উত্তোলন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “একটি জাতির পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি তার মাতৃভাষা, আর সেই ভাষার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আমাদের এই আত্মত্যাগ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের মাতৃভাষার অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। এরই স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যা আজ বিশ্বব্যাপী উদ্যাপিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি জাতিকে জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ করতে হলে মাতৃভাষায় জ্ঞানচর্চা অত্যন্ত জরুরি। মাতৃভাষায় শিক্ষা ও গবেষণা শিক্ষার্থীদের জন্য অনুধাবনকে সহজ করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং জ্ঞান উৎপাদনকে জনগণের সঙ্গে সংযুক্ত করে। গবেষক ও শিক্ষাবিদরা শুধু আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নয়, বরং মাতৃভাষায় জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেও কাজ করবেন।”

শহিদ দিবসের পতাকা উত্তোলন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপাচার্যের সাথে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, জাকসু, জাবি সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ পেশাজীবী সংগঠন এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *