শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন, অনতিবিলম্বে ভোটের দাবি

রাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত করার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসুসহ সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে শাখা শিবিরের নেতাকর্মীদের ‘হারার ভয়ে খেলেনা, এ কথা ত বলে না’ এবং ‘শাকসু বাঞ্চালের অপচেষ্টা, মানি না, মানব না’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে রাবি শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ৯ দফার অন্যতম একটি ছিল ছাত্র সংসদ চালু। হাসিনা পালিয়ে গেলেও একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র থামায়নি।” তিনি অভিযোগ করেন, রাকসুর সময়ও একাধিকবার নির্বাচন স্থগিত করা হয়েছিল। শাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “তারেক রহমান হাসিনার ন্যায় কোর্টকে ব্যবহার করে এই নির্বাচন বন্ধ করেছেন। দ্বিতীয় স্বাধীনতার ভোটাধিকার হরণ করলে ছাত্রসমাজ আবার জেগে উঠবে।”

রাকসুর ভিপি ও সাবেক শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “যারা নির্বাচনকে ভয় পায় তারাই চেষ্টা করছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তা সফল হবে না।” তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করায় ছাত্রদলের ভেতর থেকে একজনকে বহিষ্কারের ঘটনা প্রমাণ করে তারা শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে আগ্রহী নয়।
শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম পাটোয়ারী তার বক্তব্যে বলেন, “ছাত্রদলের আন্দোলন ও হাইকোর্টের রিট—সব মিলিয়ে শাকসু নির্বাচন বানচালের জন্য একটি ‘কমপ্লিট প্যাকেজ’ কাজ করেছে।”
শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় এই মানববন্ধনে বিভিন্ন হল সংসদের ভিপি এবং শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *