শার্শার কায়বা সীমান্তে বিজিবির হানা: বাইসাইকেল ফেলে পালাল মাদক কারবারি, উদ্ধার ১০০ গ্রাম ‘আইস’

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মরণনেশা মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ মার্চ) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং পাচার কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বাইসাইকেল ও মাদকের পোটলা ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০০ গ্রাম স্বচ্ছ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান:”সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের অবৈধ মালামাল প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর। আমাদের গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করার ফলেই এই সাফল্য এসেছে। দেশের তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *