রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতকালীন উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজশাহী নগরীর তালাইমারি, রেল স্টেশন ও ভদ্রা বস্তি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় ২৫ থেকে ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষদের খুঁজে বের করে প্রয়োজন অনুযায়ী কম্বল ও চাদর উপহার হিসেবে প্রদান করেন। এ সময় প্রায় ৩০০ টাকা মূল্যের ২১টি কম্বল এবং ২৫০ টাকা মূল্যের ১০টি চাদর বিতরণ করা হয়।
‘জনগণের টাকা, আমাদের শ্রম বিশ্বস্ততার সাথে কাজ করবো আজীবন’ এই স্লোগানকে ধারণ করে সহায়তা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনগণের দেওয়া অর্থ যেন সঠিক ও ন্যায্যভাবে বণ্টন করা যায়, সে লক্ষ্যেই স্বেচ্ছাসেবীরা দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করেছেন।
সকলের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা।
