মধ্যরাতে শেষ হচ্ছে পোস্টাল ভোটিং নিবন্ধন

স্টাফ রিপোর্টার, সোনালী দেশ:

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। তফসিল ঘোষণার পর দেশেও নিবন্ধনের সুযোগ চালু হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে নিবন্ধিতদের ঠিকানায় দুটো ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সোমবার জানান, অ্যাপে নিবন্ধনের শেষ সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিন বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দেশে ও প্রবাসে ১৪ লাখ ৬০ হাজারের মত ভোটার নিবন্ধন করেছেন; এরমধ্যে দেশেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৭ হাজারের মত ভোটার।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।

ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

ভোটের গোপনীয়তা রক্ষায় তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *