‎মানবতার ডাকে সাড়া দিয়ে সহমর্মিতার পথে ১২ বছরের নিরন্তর যাত্রা পূর্ণ করেছে TRY (KUET) স্বেচ্ছাসেবী সংগঠন


‎কুয়েট প্রতিনিধি, মোঃ জাহিদুল ইসলাম

২০১৪ সালের ২১শে ফেব্রুয়ারি কিছু স্বপ্নবাজ ও মানবিক চেতনায় উজ্জীবিত তরুণের উদ্যোগে Khulna University of Engineering & Technology (কুয়েট)-এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
‎প্রতিষ্ঠালগ্নে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইফতে খাইরুল বাশার তাজ (ইসিই’১০) এবং মডারেটর ছিলেন মাইনুল ইসলাম স্যার (ইইই’০৮ ব্যাচ)। সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন তৎকালীন পরিচালক (ছাত্র কল্যাণ) ওসমান গনি নাইম স্যার।
‎গত এক যুগে TRY কেবল কুয়েট ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকেনি; দেশের বিভিন্ন প্রান্তে অসহায়, বিপর্যস্ত ও সহায়তাপ্রার্থী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রাকৃতিক দুর্যোগ, চিকিৎসা সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ, রক্তদান কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংকটময় সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সহায়তায় এগিয়ে এসে মানবকল্যাণকে নিজেদের মূল লক্ষ্য হিসেবে ধারণ করেছে।
‎বর্তমানে সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মো. শাফিন আলম এবং মডারেটর হিসেবে আছেন প্রফেসর ড. মো. আব্দুল হাসিব স্যার (মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ)। তাদের নেতৃত্বে TRY নতুন উদ্যমে মানবসেবার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
‎১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যরা অতীতের সাফল্য স্মরণ করে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানবতার বন্ধনে আবদ্ধ এই পথচলা আগামী দিনেও অব্যাহত থাকবে—এই আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *