ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ৷ এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াইব আহম্মেদ মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারী) নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো.হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এর অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির অনুমোদন প্রদানের আগামী ১৫ দিনের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি মো.সৈকত বলেন, “নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। আমি চাই, আমাদের প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এবং সমাজের প্রতিটি স্তরে সম্মানজনক অবস্থান গড়ে তুলুক। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”
